শাবিপ্রবি ভিসির বাংলোর পাশ থেকে ‘লুট হওয়া অস্ত্র’ উদ্ধার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির বাংলোর পাশের জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রটি নিজেদের বলে দাবি করেছে জালালাবাদ থানা পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে উপাচার্যের বাংলোর গাড়ির গ্যারেজের পূর্বপাশের বাঁশঝাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্রটি পুলিশ সদস্যরা নিয়ে গেছেন।
এ নিয়ে জালালাবাদ থানার ওসি মোঃ নাজমুল হুদা খান জানান, দুপুরে উপাচার্যের বাংলোর পাশে অবস্থিত গ্যারেজের পেছনে বাঁশঝাড়ের ভেতরে অস্ত্র দেখতে পান সেখানে কর্মরত এক পরিচ্ছন্নতা কর্মী। খবর পেয়ে বিকাল সাড়ে তিনটায় সেখানে উপস্থিত হয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এটি নিজেদের অস্ত্র বলে নিশ্চিত হই। ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে খোয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। সরকার বিরোধী আন্দোলনের সময় হারিয়ে যাওয়া যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারে আমরা কাজ করছি।







